আইন-আদালত

কাদেরসহ শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ

আপডেট: মার্চ ০৮, ২০২৬ : ০৫:৫৮ এএম ১৬
কাদেরসহ শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন সিআইডির ফরেনসিক বিশেষজ্ঞ।

আজ রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এর একক বেঞ্চে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন ৯ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সিআইডির ডিজিটাল ফরেনসিক ল্যাবের উপপরিদর্শক শাহেদ জোবায়ের লরেন্স। তিনি মামলায় উদ্ধারকৃত আলামতের যাচাই-বাছাই প্রক্রিয়া ও বিশ্লেষণের বর্ণনা দেন। সাক্ষ্যগ্রহণ শেষে তাকে জেরা করেন পলাতক আসামিদের পক্ষে সরকারি খরচে নিয়োগপ্রাপ্ত স্টেট ডিফেন্স আইনজীবীরা।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, সঙ্গে ছিলেন সুলতান মাহমুদ ও সহিদুল ইসলাম সরদার।

মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয় গত ১৭ ফেব্রুয়ারি সূচনা বক্তব্যের মাধ্যমে। প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন শহীদ আসিফ ইকবালের বাবা এমএ রাজ্জাক, যিনি একসময় বেসরকারি চাকরিতে কর্মরত ছিলেন। তার ছেলে ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর এলাকায় শহীদ হন।

এ মামলায় পলাতক অন্যান্য আসামিরা হলেন:

আ ফ ম বাহাউদ্দিন নাছিম – আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক

মোহাম্মদ আলী আরাফাত – সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

শেখ ফজলে শামস পরশ – যুবলীগ সভাপতি

মাইনুল হোসেন খান নিখিল – যুবলীগ সাধারণ সম্পাদক

সাদ্দাম হোসেন – ছাত্রলীগ সভাপতি

ওয়ালি আসিফ ইনান – ছাত্রলীগ সাধারণ সম্পাদক

গত ২২ জানুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। প্রসিকিউশনের দেওয়া ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ গত বছরের ১৮ ডিসেম্বর আমলে নেওয়া হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!