জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়ন নিয়ে বিরোধী দলের গণভোটের প্রস্তাবকে ‘সংবিধানের ওপর প্রতারণা’ হিসেবে আখ্যা দিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।
রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ একটি স্ব-ব্যাখ্যায়িত দলিল এবং এর বাস্তবায়ন পদ্ধতি সনদের ভেতরেই স্পষ্টভাবে নির্ধারিত আছে। তাই এ বিষয়ে গণভোটের দাবি তোলা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।
তিনি ‘কালারেবল লেজিসলেশন’ বা চাতুর্যপূর্ণ আইন প্রণয়নের প্রসঙ্গ তুলে বলেন, আইনি ক্ষমতা না থাকলেও আছে বলে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। পানের খিলের ভেতরে পচা পান লুকিয়ে রাখার গল্পের উদাহরণ দিয়ে তিনি বলেন, “এই ধরনের রাজনীতি আমরা মানি না।”
সংবিধান সংশোধনের প্রক্রিয়া নিয়ে আসাদুজ্জামান বলেন, জনআকাঙ্ক্ষা থেকে সংস্কারের ধারণা আসতে পারে, তবে সেটিকে আইনি রূপ দিতে হলে সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী সংসদেই সংশোধন করতে হবে। এর বাইরে কোনো ‘শর্টকাট’ গ্রহণযোগ্য নয়।
জুলাই সনদকে ‘রক্তের আক্ষরে লেখা অঙ্গীকার’ উল্লেখ করে তিনি বলেন, এটি কেবল একটি প্রস্তাবনা নয়, বরং আন্দোলনে অংশ নেওয়া মানুষের ত্যাগের প্রতিফলন।
বিরোধী দলের সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, গণভোটের প্রস্তাবের পেছনে ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে এবং এতে ‘ফ্যাসিবাদীদের ফেরার পথ সুগম’ হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, জুলাই সনদই দেশের সংস্কার প্রক্রিয়ার চূড়ান্ত পথ এবং এটি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!