আইন-আদালত

সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন, বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই: আইনমন্ত্রী

আপডেট: জুলা ২৫, ২০২৬ : ০৬:০০ এএম ২৬
সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন, বিশেষ অধিবেশনের প্রয়োজন নেই: আইনমন্ত্রী

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, আগামী সেপ্টেম্বরের নিয়মিত সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন আছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে সে ধরনের প্রয়োজন হয়নি। নিয়মিত সংসদ অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হবে।

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে সম্ভাব্য মামলা নিয়ে প্রশ্ন করা হলে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি আইনমন্ত্রী। চট্টগ্রামে জুলাই আন্দোলনে আহত আটজনের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে তিনি বলেন, তদন্তে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে।

আইনমন্ত্রী আরও বলেন, বর্তমানে সীমান্তে বিচারবহির্ভূত হত্যার ঘটনা শূন্যের কোটায় রয়েছে। একই সঙ্গে তিনি জানান, অভিযুক্ত ব্যক্তি যত প্রভাবশালী রাজনৈতিক নেতাই হোন না কেন, ধর্ষণসংক্রান্ত মামলা প্রত্যাহার করা হবে না।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সে অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বর্তমানে এ দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে সংবিধানের বিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর রাষ্ট্রপতির পদ শূন্য হয়। এরপর থেকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!