টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সুনামগঞ্জ জেলার চারটি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে জরুরি কন্ট্রোল রুম চালু এবং দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
শুক্রবার (১০ জুলাই) গভীর রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে জারি করা পৃথক অফিস আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়। জেলা প্রশাসন জানায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সুনামগঞ্জে বন্যার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সুনামগঞ্জ, ছাতক, জগন্নাথপুর ও দিরাই পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় প্রতিটি পৌরসভায় জরুরি কন্ট্রোল রুম চালু, সার্বক্ষণিক যোগাযোগব্যবস্থা সচল রাখা এবং সম্ভাব্য বন্যা মোকাবিলায় শুকনো খাবার, শিশু খাদ্য, গোখাদ্য, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, প্রয়োজনীয় ওষুধ ও ত্রাণসামগ্রী মজুত রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি আশ্রয়কেন্দ্র, উদ্ধারকারী নৌযান, স্বেচ্ছাসেবক ও মেডিকেল টিম প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলার ১ হাজার ৩১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধারকাজে ব্যবহারের জন্য পর্যাপ্ত নৌযান, স্বেচ্ছাসেবক এবং ১ হাজার ৫৬টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। এ ছাড়া জেলার ১২টি উপজেলায় জিআর চাল বরাদ্দ এবং শুকনো খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী মজুত রাখা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ত্রাণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। জনগণকে সচেতন করতে মাইকিং ও প্রচার কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি জেলার সব উপজেলায় কন্ট্রোল রুম চালু করা হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!