ধর্ম

আল্লাহ একটি জালিম সরকারের হাত থেকে আমাদের মুক্তি দিয়েছেন: ধর্মমন্ত্রী

আপডেট: মার্চ ০৫, ২০২৬ : ০৫:৫৯ এএম ১৭
আল্লাহ একটি জালিম সরকারের হাত থেকে আমাদের মুক্তি দিয়েছেন: ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ একটি জালিম সরকারের হাত থেকে বাংলাদেশকে মুক্তি দিয়েছেন এবং কুদরতিভাবে ক্ষমতায় আসার ব্যবস্থা করেছেন। তিনি বলেন, “যা আল্লাহ চান, তাই হয়ে থাকে।”

বুধবার (৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘হিফযুল কোরআন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা-২০২৬’ (সিজন ২)-এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, কোরআনকে শুধু পড়া নয়, জীবনে মান্য ও প্রতিফলিত করতে হবে। আল্লাহ সকল ক্ষমতার মালিক এবং আমাদের রিজিকও তিনি দিয়ে থাকেন। যত বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা হবে, তিনি তত বেশি রহমত ও দয়া করবেন।

তিনি কওমী মাদ্রাসার অবদানের কথাও স্মরণ করেন এবং বলেন, “এগুলোকে সংগঠিত ও সহযোগিতা করতে হবে যাতে ভবিষ্যতে সমগ্র বাংলাদেশে কোরআনের আলো ছড়িয়ে দিতে পারে।” মন্ত্রী রমজান মাসকে রহমত ও বরকতের মাস হিসেবে উল্লেখ করে ছাত্রদলকে এই প্রতিযোগিতা আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

এছাড়া ধর্মমন্ত্রী শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র ইসলামের প্রচার-প্রসারে অবদানের কথাও স্মরণ করেন।

প্রতিযোগিতায় চারটি গ্রুপে অংশ নেন অনুর্ধ্ব ২৫ বছরের কোরআনের হাফেজ, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অনুর্ধ্ব ১৮ বছরের মাদ্রাসা শিক্ষার্থী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা। বিজয়ীদের নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়, ৪র্থ থেকে ১০ম স্থানধারীদের দেওয়া হয় আকর্ষণীয় গিফট সামগ্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ অন্যান্যরা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!