দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম এখন ২ লাখ ৭৪ হাজার টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করে। সকাল সাড়ে ১০টা থেকে তা কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম আন্তর্জাতিক বাজারে বেড়ে যাওয়ায় দেশের বাজারে মূল্য সমন্বয় করা হয়েছে। সর্বোচ্চ ৫ হাজার ৪২৪ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে ভরিপ্রতি দাম।
নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা। এর আগে তা ছিল ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা রাখা হয়েছে।
সোনার পাশাপাশি বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৭ হাজার ১৭৩ টাকা। ২১ ক্যারেটের রুপা ৬ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেটের ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারেও সোনার দাম ঊর্ধ্বমুখী। বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম এখন ৫ হাজার ৩৫৬ মার্কিন ডলার, যা আগের দিন ছিল ৫ হাজার ২৭৮ ডলার।
এর আগে গত ২৯ জানুয়ারি ভরিপ্রতি এক দফায় ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল ২২ ক্যারেট সোনার দাম। তবে পরবর্তীতে তা কিছুটা কমানো হয়।
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক অস্থিরতা ও বৈশ্বিক চাহিদা বৃদ্ধির প্রভাবেই স্বর্ণের দামে এ ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!