আন্তর্জাতিক বাজারে দরপতনের প্রভাব পড়ে দেশের বাজারেও সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৯ হাজার ২১৪ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
আজ বুধবার (৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন দাম সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। গতকাল এ দাম ছিল ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা। বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম আন্তর্জাতিক বাজারে কমে যাওয়ায় স্থানীয় বাজারে এ সমন্বয় আনা হয়েছে।
রুপার দামও কমেছে
সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৫৩২ টাকা। ২১ ক্যারেটের ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেটের ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ২৪ টাকা।
বিশ্ববাজারের তথ্যভিত্তিক ওয়েবসাইট GoldPrice.org–এর তথ্য অনুযায়ী, বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ১৬৪ ডলারে লেনদেন হচ্ছে, যা গতকাল ছিল ৫ হাজার ৩৫৯ ডলার।
এর আগে ৩০ জানুয়ারি প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি তা ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।
গত মাসের শেষ দিকে বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাবে দেশে রেকর্ড পরিমাণ মূল্যবৃদ্ধি করে বাজুস। ২৯ জানুয়ারি এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় উন্নীত করা হয়েছিল, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!