অর্থনীতি

সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমলো ২০ হাজার কোটি টাকা

আপডেট: মার্চ ০৭, ২০২৬ : ০৬:২০ এএম ১০
সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমলো ২০ হাজার কোটি টাকা

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাবের কারণে গত সপ্তাহে দেশের শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়েছে। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ২০ হাজার ৪১৩ কোটি টাকা কমে দাঁড়িয়েছে।

ডিএসইর প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহজুড়ে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ৫৯টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ৩২৫টির দাম কমেছে এবং ৮টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ দাম কমার তালিকায় স্থান পেয়েছে দাম বাড়ার তুলনায় ৫.৫১ গুণ বেশি প্রতিষ্ঠান।

সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৯৫১ কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৭ লাখ ১৮ হাজার ৩৬৪ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ২.৮৪ শতাংশ।

প্রধান মূল্যসূচকগুলোতেও বড় পতন লক্ষ্য করা গেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৫৯.৪৩ পয়েন্ট বা ৬.৪২ শতাংশ। ডিএসই-৩০ সূচক কমেছে ১৫৭.৯৫ পয়েন্ট বা ৭.২৮ শতাংশ। ইসলামি শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক কমেছে ৬৭.৪৭ পয়েন্ট বা ৬.০৪ শতাংশ।

লেনদেনের গতিও কমেছে। গত সপ্তাহে ডিএসইতে গড়ে দৈনিক লেনদেন হয়েছে ৬৯৬ কোটি ৪৯ লাখ টাকা, যা আগের সপ্তাহের ৭২৪ কোটি ৮৬ লাখ টাকার তুলনায় ২৮ কোটি ৩৭ লাখ টাকা বা ৩.৯১ শতাংশ কম।

সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের শেয়ারে। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪১ কোটি ৬৬ লাখ টাকা, যা মোট লেনদেনের ৫.৯৮ শতাংশ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!