অর্থনীতি

সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমলো ২০ হাজার কোটি টাকা

আপডেট: মার্চ ০৮, ২০২৬ : ০৪:৫৬ এএম ১১
সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমলো ২০ হাজার কোটি টাকা

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে দেশের শেয়ারবাজারেও। গত সপ্তাহজুড়ে ব্যাপক দরপতনের কারণে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন কমেছে ২০ হাজার কোটি টাকার বেশি। একই সঙ্গে বড় পতন হয়েছে সব মূল্যসূচকে এবং কমেছে দৈনিক গড় লেনদেনের পরিমাণ।

ডিএসই সূত্রে জানা গেছে, সপ্তাহজুড়ে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ৫৯টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ৩২৫টির দাম কমেছে এবং ৮টির দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ দাম বাড়ার তুলনায় প্রায় সাড়ে পাঁচ গুণ বেশি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে।

এমন দরপতনের ফলে সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৯৫১ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে যা ছিল ৭ লাখ ১৮ হাজার ৩৬৪ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ২০ হাজার ৪১৩ কোটি টাকা, যা শতাংশের হিসাবে প্রায় ২ দশমিক ৮৪।

বাজার মূলধনের পাশাপাশি প্রধান মূল্যসূচকেও বড় পতন হয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহজুড়ে কমেছে ৩৫৯ দশমিক ৪৩ পয়েন্ট বা ৬ দশমিক ৪২ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ১৩৪ দশমিক ৩৪ পয়েন্ট।

বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই–৩০ সূচকও কমেছে ১৫৭ দশমিক ৯৫ পয়েন্ট বা ৭ দশমিক ২৮ শতাংশ। এর আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ৭১ দশমিক ৫৮ পয়েন্ট।

এ ছাড়া ইসলামি শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ সূচক কমেছে ৬৭ দশমিক ৪৭ পয়েন্ট বা ৬ দশমিক ০৪ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল ২১ দশমিক ০৯ পয়েন্ট।

লেনদেনের গতি কমার বিষয়টিও স্পষ্ট হয়েছে সপ্তাহের পরিসংখ্যানে। গত সপ্তাহে ডিএসইতে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৬৯৬ কোটি ৪৯ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৭২৪ কোটি ৮৬ লাখ টাকা। সে হিসাবে গড় লেনদেন কমেছে ২৮ কোটি ৩৭ লাখ টাকা বা প্রায় ৩ দশমিক ৯১ শতাংশ।

সপ্তাহজুড়ে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪১ কোটি ৬৬ লাখ টাকা, যা মোট লেনদেনের প্রায় ৫ দশমিক ৯৮ শতাংশ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!