অর্থনীতি

হরমুজ প্রণালি অতিক্রম করে চট্টগ্রাম বন্দরে পৌঁছালো ১৫ জাহাজে আড়াই লাখ টন এলএনজি ও অন্যান্য জ্বালানি

আপডেট: মার্চ ০৮, ২০২৬ : ০৫:৩৭ এএম
হরমুজ প্রণালি অতিক্রম করে চট্টগ্রাম বন্দরে পৌঁছালো ১৫ জাহাজে আড়াই লাখ টন এলএনজি ও অন্যান্য জ্বালানি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সংঘাত শুরুর আগেই প্রায় আড়াই লাখ টন এলএনজিসহ ১৫টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে। এসব জাহাজে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), বিভিন্ন জ্বালানি তেল ও শিল্পকারখানার কাঁচামাল রয়েছে।

চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা জানান, জাহাজগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছিল। সংঘাত শুরু হওয়ার আগে তারা নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়েছে। বর্তমানে ধাপে ধাপে জাহাজগুলো বন্দরে পৌঁছাচ্ছে এবং পণ্য খালাসের কার্যক্রম চলছে।

বন্দর সূত্রে জানা গেছে, জাহাজগুলোর মধ্যে অন্তত চারটিতে মোট ২ লাখ ৪৭ হাজার টন এলএনজি রয়েছে, যা কাতারের রাস লাফান বন্দর থেকে আনা হয়েছে। দেশের বিদ্যুৎকেন্দ্র ও শিল্পখাতে এই এলএনজি সরবরাহ করা হবে। এছাড়া একটি জাহাজে এলপিজি রয়েছে, যা গৃহস্থালি রান্না, হোটেল-রেস্তোরাঁ এবং ছোট শিল্পকারখানায় ব্যবহার হবে। কিছু জাহাজে ফার্নেস ওয়েল, ডিজেল ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য রয়েছে।

বন্দর কর্মকর্তারা আরও জানান, কয়েকটি কার্গো জাহাজে প্লাস্টিক, পেট্রোকেমিক্যাল উপকরণ এবং অন্যান্য শিল্প কাঁচামাল এসেছে, যা দেশের গার্মেন্টস, প্লাস্টিক ও রাসায়নিক শিল্পে ব্যবহৃত হবে।

চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, “জাহাজ ভেড়ানো, পণ্য খালাস ও সরবরাহ কার্যক্রম স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সংঘাত শুরুর আগে জাহাজগুলো নিরাপদে পৌঁছানো দেশের জ্বালানি ও আমদানি সরবরাহের জন্য স্বস্তির বিষয়।”

এলএনজি জাহাজগুলোর স্থানীয় প্রতিনিধি ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক মো. নুরুল আলম জানান, চারটি জাহাজ চট্টগ্রামে পৌঁছানো প্রায় নিশ্চিত। তবে ‘লিবারেল’ নামে আরেকটি এলএনজিবাহী জাহাজ এখনো হরমুজ প্রণালির মধ্যে রয়েছে এবং প্রণালি অতিক্রমের অপেক্ষায় আছে।

জাহাজগুলো নিরাপদে পৌঁছানোর কারণে দেশের বিদ্যুৎ ও শিল্পখাতের জ্বালানি সরবরাহ নিশ্চিত থাকবে বলে বন্দর কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!