অর্থনীতি

কার্ডে লেনদেন ৫ বছরে বেড়েছে আড়াই গুণ

আপডেট: মার্চ ০৮, ২০২৬ : ০৬:২৮ এএম
কার্ডে লেনদেন ৫ বছরে বেড়েছে আড়াই গুণ

দেশে কার্ডের মাধ্যমে লেনদেন গত পাঁচ বছরে দ্রুত বেড়েছে। ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ডে লেনদেন ১৪৩ শতাংশ বেড়ে আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালের জানুয়ারিতে যেখানে কার্ডে লেনদেন ছিল ২০,৬২৫ কোটি টাকা, সেখানে ২০২৫ সালের ডিসেম্বরে তা দাঁড়িয়েছে ৫০,০৪৪ কোটি টাকায়।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ডের ব্যবহার, লেনদেনের প্রবণতা এবং বিভিন্ন খাতে ব্যয়ের তথ্য তুলে ধরা হয়েছে।

বর্তমানে দেশে ৬১টি ব্যাংক ও একটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফসি) কার্ড সেবা দিচ্ছে। এর মধ্যে ৫৫টি ব্যাংক ডেবিট কার্ড সেবা প্রদান করছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি শেষে দেশের ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ডের সংখ্যা ছিল ২ কোটি ৪০ লাখের বেশি। পাঁচ বছর পর ২০২৫ সালের ডিসেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ১৮ লাখে, যা ১১৫ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে। এছাড়া ২০২০ সালের আগস্টে সব ধরনের কার্ডের সংখ্যা ছিল প্রায় ২ কোটি ২২ লাখ, যা ২০২৫ সালের জুলাইয়ে বেড়ে দাঁড়ায় ৫ কোটি ৬৯ লাখে।

প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালের ডিসেম্বর মাসে দেশে গ্রাহকেরা বিভিন্ন ব্যাংকের ইস্যু করা ক্রেডিট কার্ড ব্যবহার করে মোট ৩,৯৩০ কোটি টাকা ব্যয় করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে, যার পরিমাণ প্রায় ১,৭৪০ কোটি টাকা।

এছাড়া, গত বছরের জুলাই মাসে বিদেশি নাগরিকদের মধ্যে সর্বোচ্চ ব্যয় করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা, যা মোট ব্যয়ের এক-চতুর্থাংশেরও বেশি। তাদের পর যুক্তরাজ্য, ভারত, মোজাম্বিক, অস্ট্রেলিয়া, কানাডা ও সৌদি আরবের নাগরিকেরা ক্রেডিট কার্ডে বেশি অর্থ ব্যয় করেছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!