অর্থনীতি

বেসরকারি ৪ ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো কেন্দ্রীয় ব্যাংক

আপডেট: মার্চ ১০, ২০২৬ : ০৬:১৬ এএম ১০
বেসরকারি ৪ ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো কেন্দ্রীয় ব্যাংক

বেসরকারি খাতের চারটি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ব্যাংকগুলো হলো ন্যাশনাল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক। গত সপ্তাহে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে চিঠি পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগ সরকারের সময় এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছিল। এরপর স্বতন্ত্র ও শেয়ারধারী পরিচালকদের মাধ্যমে ব্যাংকগুলো পরিচালিত হচ্ছিল। কিন্তু পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় এবার কেন্দ্রীয় ব্যাংক পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে। মূলত স্বতন্ত্র পরিচালকদের বিরুদ্ধেও কিছু অভিযোগ থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

পর্যবেক্ষকরা সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি ও নিরীক্ষা কমিটির সভায় উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। বাংলাদেশ ব্যাংকের চার পরিচালককে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

পর্যবেক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন:

ন্যাশনাল ব্যাংক – ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-১২ এর পরিচালক মুনির আহমেদ চৌধুরী

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক – ইসলামিক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান

প্রিমিয়ার ব্যাংক – পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক এ এন এম মঈনুল কবির

আইএফআইসি ব্যাংক – ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১ এর পরিচালক এ কে এম কামরুজ্জামান

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুনে ন্যাশনাল ব্যাংকের খেলাপি ঋণের হার ছিল ৪৯ শতাংশ, যা ২০২৫ সালের সেপ্টেম্বরে বেড়ে ৭৫ শতাংশ ছাড়িয়ে গেছে। প্রিমিয়ার ব্যাংকের খেলাপি ঋণ ৬ শতাংশ থেকে বেড়ে ৪১ শতাংশে, আইএফআইসি ব্যাংকে ৯ শতাংশ থেকে ৬১ শতাংশে, এবং আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে ৬ শতাংশ থেকে ১৮ শতাংশে পৌঁছেছে।

ব্যাংকারদের মতে, আওয়ামী লীগ সরকারের সময় কিছু অসাধু ব্যবসায়ী নামে-বেনামে বিপুল পরিমাণ ঋণ নিয়েছিলেন। তখন সেগুলো নিয়মিত দেখানো হলেও বর্তমানে অনেক ঋণই খেলাপি হয়ে পড়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!