অর্থনীতি

ঈদে প্রবাসী রেমিট্যান্সের ঊর্ধ্বগতি, দেশে এসেছে ৩৪ হাজার কোটি টাকা

আপডেট: মার্চ ২৫, ২০২৬ : ০৫:২৯ এএম
ঈদে প্রবাসী রেমিট্যান্সের ঊর্ধ্বগতি, দেশে এসেছে ৩৪ হাজার কোটি টাকা

পবিত্র রমজান মাস শেষে ঈদুল ফিতরের জন্য প্রবাসী বাংলাদেশিরা যে অর্থ পাঠিয়েছেন, তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মার্চ মাসের প্রথম ২৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮৩ কোটি (২.৮৩ বিলিয়ন) মার্কিন ডলার, যা বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ১২৩ টাকা) অনুযায়ী প্রায় ৩৪ হাজার ৭৮৪ কোটি টাকার সমতুল্য।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “ঈদকে সামনে রেখে প্রবাসীরা স্বাভাবিকের তুলনায় বেশি অর্থ পাঠান। এর প্রভাব রেমিট্যান্স প্রবাহে স্পষ্ট।”

খাত সংশ্লিষ্টরা মনে করছেন, এই ধারা অব্যাহত থাকলে মার্চ মাস শেষে প্রবাসী আয়ে নতুন রেকর্ড স্থাপিত হতে পারে। ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছে ৩০২ কোটি (৩.০২ বিলিয়ন) মার্কিন ডলার, যা প্রায় ৩৭ হাজার কোটি টাকার সমতুল্য। এটি আগের বছরের একই মাসের তুলনায় ১৯.৫ শতাংশ বেশি।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫২৮ কোটি মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৬ মার্চ পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪.২২ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে এটি ২৯.৫২ বিলিয়ন ডলার। গত বছরের মার্চে রিজার্ভ ছিল ২৫.৪৪ বিলিয়ন ডলার (বিপিএম-৬ অনুযায়ী ২০.৩০ বিলিয়ন ডলার), ফলে এক বছরে রিজার্ভে প্রায় ৯ বিলিয়ন ডলারের বৃদ্ধি দেখা গেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, প্রবাসী আয়ের এই ইতিবাচক প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করবে এবং সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!