দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন হিসাবে প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে।
সোমবার সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই দর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা, যা আগের দিন ছিল ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (বিশুদ্ধ) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও এই সমন্বয় আনা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকা ভরি নির্ধারণ করা হয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে সোনার দামে অস্থিরতা দেখা দেওয়ায় স্থানীয় বাজারেও দামের ওঠানামা অব্যাহত রয়েছে। গত মাসের শেষ দিকে বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাবে দেশের বাজারে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল সোনার দাম।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!