অর্থনীতি

পাকিস্তানি ব্যাংক অধিগ্রহণে শেয়ারহোল্ডারদের অনুমতি চাইবে ব্যাংক এশিয়া

আপডেট: এপ্রি ১২, ২০২৬ : ০৬:২১ এএম
পাকিস্তানি ব্যাংক অধিগ্রহণে শেয়ারহোল্ডারদের অনুমতি চাইবে ব্যাংক এশিয়া

পাকিস্তানের বাণিজ্যিক ব্যাংক ব্যাংক আলফালাহ লিমিটেড-এর বাংলাদেশে থাকা সম্পদ ও দায় অধিগ্রহণের প্রক্রিয়ায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে যাচ্ছে ব্যাংক এশিয়া পিএলসি।

আজ রোববার (১২ এপ্রিল) এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ইজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদন পাওয়া গেলে ব্যাংক আলফালাহর বাংলাদেশ কার্যক্রম অধিগ্রহণ করবে ব্যাংক এশিয়া। এর আগে ২০২৪ সালের ১৮ এপ্রিল অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়ার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়।

অধিগ্রহণ প্রক্রিয়ার অংশ হিসেবে গত ২৬ ফেব্রুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করা হয়। রোববার বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত ইজিএমে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে গত মাসে ব্যাংক আলফালাহর ৭৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ব্যাংকটির শেয়ারহোল্ডাররা প্রায় ৫৮০ কোটি টাকায় (প্রায় ৪ কোটি ৭৫ লাখ ডলার) বাংলাদেশে থাকা তাদের সম্পদ ও দায় বিক্রির প্রস্তাব অনুমোদন করেছেন। এ সংক্রান্ত কার্যবিবরণী ইতোমধ্যে পাকিস্তান স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া হয়েছে।

তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন হতে হলে বাংলাদেশ ব্যাংক, স্টেট ব্যাংক অব পাকিস্তানসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন প্রয়োজন হবে। প্রয়োজনে একীভূতকরণের সময় সম্পদ ও দায়ের মূল্যায়নে কিছু সমন্বয়ও করা হতে পারে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!