ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর সঙ্গে বাণিজ্যে কিছু নন-ট্যারিফ বাধা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জার্মানি ও সুইডেন-এর রাষ্ট্রদূতদের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ইউরোপ বাংলাদেশের রপ্তানি পণ্যের একটি প্রধান গন্তব্য। দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে পারলে উভয় পক্ষই লাভবান হবে। তবে ইইউভুক্ত দেশগুলোর সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে কিছু নন-ট্যারিফ বাধা রয়েছে, যা দূর করতে বাণিজ্য মন্ত্রণালয় ইতিমধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে কাজ শুরু করেছে।
বৈঠকে জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বাংলাদেশের লাইট ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ও চামড়া খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও বাজার সম্প্রসারণে সহযোগিতার কথাও জানান তিনি।
মন্ত্রী বিদেশি বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশে প্রতিবছর বিপুলসংখ্যক নতুন কর্মক্ষম জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করতে বিনিয়োগ অত্যন্ত জরুরি।
পরে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক-এর সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, সুইডেনের সঙ্গে নন-ট্যারিফ বাধা অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে।
সুইডেনের রাষ্ট্রদূত বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন এবং এ খাতে সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!