অর্থনীতি

সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ

আপডেট: আগ ২৩, ২০২৬ : ০৫:১৮ এএম ১১
সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ

কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলা ইউনিটের ডিলারদের সতর্ক করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)। একই সঙ্গে সার উত্তোলন, মজুত ও বিক্রির ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিএফএর চেয়ারম্যান মো. মোশারফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সারের মূল্য জমা দিয়ে তা উত্তোলন ও গুদামে মজুত নিশ্চিত করতে হবে। সার গুদামে পৌঁছানোর পর সংশ্লিষ্ট উপজেলা কৃষি কর্মকর্তাকে আগমনী বার্তা জানাতে হবে। পাশাপাশি বিক্রয় রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি হচ্ছে কি না, তা নিয়মিত তদারকি করতে হবে।

বিএফএ জানিয়েছে, কোনো ডিলার নীতিমালা লঙ্ঘন করলে তাঁর ডিলারশিপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো কুচক্রী মহল অতিরিক্ত দামে সার বিক্রি করে এর দায় যেন ডিলারদের ওপর চাপিয়ে দিতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এ জন্য স্থানীয় কৃষি অফিস ও প্রশাসনের সঙ্গে ডিলারদের সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

কৃষকদের কাছে সারের সরবরাহ ও ন্যায্য মূল্যে বিক্রি নিশ্চিত করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএফএ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!