ইরাক–ইরান সীমান্তবর্তী কুর্দিস্তান অঞ্চলের কুর্দি যোদ্ধাদের ব্যবহার করে ইরানে স্থল হামলা শুরুর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র—এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম CNN।
মঙ্গলবার (৩ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে সিএনএন জানায়, এ পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা Central Intelligence Agency (সিআইএ) গোপনে কুর্দি যোদ্ধাদের অস্ত্র সরবরাহ করছে। বিষয়টি নিয়ে ইরাকে অবস্থানরত কুর্দি নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরাকের কুর্দিস্তান অঞ্চল কুর্দি বাহিনীগুলোর প্রধান ঘাঁটি। ইরান–ইরাক সীমান্তবর্তী এলাকাতেও তাদের হাজার হাজার যোদ্ধা অবস্থান করছেন। সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি হিসেবে এই যোদ্ধাদের সক্রিয় করা হতে পারে।
এদিকে পরিস্থিতি বিবেচনায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কুর্দি অবস্থানগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানা গেছে। একাধিক ড্রোন হামলার মাধ্যমে তাদের সম্ভাব্য অভিযানের সক্ষমতা নস্যাৎ করার চেষ্টা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এক কুর্দি কমান্ডার সিএনএনকে জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে পশ্চিম ইরানে স্থল অভিযান শুরু হতে পারে। অন্য একটি কুর্দি সূত্র বলেছে, তাদের প্রাথমিক লক্ষ্য হবে ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর আঘাত হানা, যাতে বড় শহরগুলোতে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
তবে এ ধরনের কোনো অভিযানে সফল হতে ইরানের কুর্দি গোষ্ঠীগুলোর সঙ্গে ইরাকের কুর্দিদের সমন্বয় প্রয়োজন হবে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে সিএনএন জানিয়েছে, কুর্দিদের মাধ্যমে অভ্যন্তরীণ অস্থিরতা সৃষ্টি করে ইরানে সরকার পরিবর্তনের অনুকূল পরিবেশ তৈরি করাই বৃহত্তর কৌশলের অংশ।
সূত্র: CNN
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!