আন্তর্জাতিক

ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ ছাড়া মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামবে না: ট্রাম্প

আপডেট: মার্চ ০৭, ২০২৬ : ০৬:০৪ এএম
ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ ছাড়া মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামবে না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, ইরান যদি নিঃশর্ত আত্মসমর্পণ না করে, তাহলে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ থামবে না।

তিনি আরও স্পষ্ট করেছেন, শর্তহীন আত্মসমর্পণ ছাড়া তেহরানের সঙ্গে কোনো নতুন সমঝোতা বা আলোচনা হবে না। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান, “যখন প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেবেন যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আর কোনো হুমকি নয় এবং অভিযানের লক্ষ্য পূর্ণ হয়েছে, তখন ইরান কার্যত নিঃশর্ত আত্মসমর্পণের মতো পরিস্থিতির মুখোমুখি হবে।”

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে তিন হাজারের বেশি স্থানে আঘাত হানা হয়েছে। সংঘাত কেবল ওই অঞ্চলে সীমাবদ্ধ থাকেনি, এটি আন্তর্জাতিক জ্বালানি ও পরিবহন খাতকে অস্থিতিশীল করেছে এবং শান্তিপ্রিয় উপসাগরীয় অঞ্চলেও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শীর্ষ নেতৃত্বদের কাছে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। একই সময়ে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে আঞ্চলিক স্থিতিশীলতা ও যুদ্ধবিরতির গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আরও প্রতিশ্রুতি দিয়েছেন, “যদি তেহরান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হিসেবে তার কাছে গ্রহণযোগ্য কাউকে নিয়োগ করে, তাহলে আমরা ইরানের অর্থনীতি পুনর্গঠনে সহায়তা করব।”

উল্লেখ্য, হরমুজ প্রণালীতে জ্বালানি পরিবহন প্রায় বন্ধ হওয়ার কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বৃদ্ধি পেয়েছে। শুক্রবার ব্রেন্ট নর্থ সি অপরিশোধিত তেলের দাম এক দিনে ৮.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৯২.৬৯ মার্কিন ডলারে পৌঁছেছে। এতে সাপ্তাহিক বৃদ্ধি প্রায় ৩০ শতাংশ।

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়লে আন্তর্জাতিক তেল বাজারে  মূল্যস্ফীতি প্রবল হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!