আন্তর্জাতিক

হরমুজ প্রণালী খোলা, তবে সবার জন্য নয়: ইরান

আপডেট: মার্চ ০৭, ২০২৬ : ০৬:০৯ এএম
হরমুজ প্রণালী খোলা, তবে সবার জন্য নয়: ইরান

ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের ইউরোপীয় মিত্র দেশ এবং তাদের সমর্থক দেশের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আইআরজিসি স্পষ্ট করেছে, এই নিষেধাজ্ঞার বাইরে থাকা দেশগুলোর—অর্থাৎ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্র নয় এমন দেশগুলোর—জাহাজ হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে।

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হায়দারি ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে বলেন, “যেসব দেশ আমাদের সীমান্ত ও নিরাপত্তা নীতির সঙ্গে বৈরিতা রাখে না, তাদের জন্য কোনো বাধা নেই। তবে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের জন্য প্রণালী বন্ধ থাকবে।”

হরমুজ প্রণালী আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করে এবং এটি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের তেলের প্রায় ২০ শতাংশ এবং তরল গ্যাসবাহী জাহাজের উল্লেখযোগ্য অংশ এই রুট ব্যবহার করে। এই কারণে প্রণালীকে ‘জ্বালানির বৈশ্বিক দরজা’ হিসেবে পরিচিত।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর হরমুজ প্রণালীতে চলাচলকারী বিভিন্ন জাহাজকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সময়ে কিছু জাহাজে হামলাও চালানো হয়েছে। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত প্রণালীতে ১০টি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে।

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা বাড়ছে এবং হরমুজ প্রণালী দিয়ে তেলের নিরাপদ সরবরাহে ঝুঁকি তৈরি হচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!