আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ: পুতিন তৎপর, সহিংসতা বন্ধের আহ্বান

আপডেট: মার্চ ০৭, ২০২৬ : ০৬:১১ এএম
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ: পুতিন তৎপর, সহিংসতা বন্ধের আহ্বান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে বলেছেন, ইরানে যত দ্রুত সম্ভব সব ধরনের সহিংসতা বন্ধ করতে হবে এবং কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের পথ অনুসরণ করতে হবে।

আজ শনিবার বাংলাদেশ সময় রাত ৩টার দিকে পুতিনের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের টেলিফোনালাপ হয়। ফোনকলে পুতিন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন। এছাড়া পেজেশকিয়ান ইরানের বর্তমান যুদ্ধ পরিস্থিতি ও বিভিন্ন তথ্য পুতিনকে জানান।

ফোনালাপের কিছু সময় পর ক্রেমলিন থেকে এক বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, “রাশিয়া জরুরিভিত্তিতে ইরানে যাবতীয় সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছে। ইরান ও মধ্যপ্রাচ্য সংক্রান্ত সমস্যার সমাধানে বলপ্রয়োগের কৌশল পরিহার করে রাজনীতি ও কূটনীতির পথে ফিরে আসার ব্যাপারে রাশিয়ার অবস্থান পুনর্ব্যক্ত করছে।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, পুতিন ইরান ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং পেজেশকিয়ানের সঙ্গে আলাপের সময় ইরানের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আত্মমর্যাদা রক্ষার লড়াইয়ে পূর্ণ সংহতি জানিয়েছেন।

পেছনের প্রেক্ষাপটে, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ২১ দিনের সংলাপ চলেছিল। ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা ছাড়াই সংলাপ শেষ হয়। পরের দিন ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ চালু করে। হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি সেনাঘাঁটিতে ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রাশিয়া ইরানকে গোয়েন্দা সহায়তা প্রদান করছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!