আন্তর্জাতিক

ইরানকে ঘিরে উত্তেজনা: সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক

আপডেট: মার্চ ০৭, ২০২৬ : ০৬:২৮ এএম
ইরানকে ঘিরে উত্তেজনা: সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক

ইরানকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ এবং পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিম মুনির শনিবার (৭ মার্চ) জরুরি বৈঠক করেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, বৈঠকে ‘সৌদি আরবের বিরুদ্ধে ইরানের আগ্রাসন’ নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকটি দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান কৌশলগত প্রতিরক্ষা চুক্তির আওতায় অনুষ্ঠিত হয়েছে। উভয় পক্ষ আশা প্রকাশ করেছেন যে, ইরান বিচক্ষণতা ও যুক্তির পথে এগিয়ে আসবে এবং ভুল হিসাব-নিকাশ থেকে বিরত থাকবে।

এর আগে পাক পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইঙ্গিত দিয়েছিলেন, সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে উল্লেখিত দায়বদ্ধতার কারণে ইরানের চলমান সংঘাতে পাকিস্তানকে জড়ানো হতে পারে। গত বছরের ১৭ সেপ্টেম্বর স্বাক্ষরিত চুক্তির লক্ষ্য ছিল দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং ‘যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ শক্তি’ গড়ে তোলা। চুক্তি স্বাক্ষরের সময় উভয় দেশ আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছিল।

ইরান ও পাকিস্তানের সম্পর্ক দীর্ঘদিন ধরেই জটিল। ২০২৪ সালের জানুয়ারিতে সীমান্তবর্তী অঞ্চলে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে ইসলামাবাদ কূটনৈতিক ভারসাম্য রক্ষা করবে নাকি সামরিকভাবে জড়াবে—এটি এখন আন্তর্জাতিক মহলের নজর কাড়ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!