আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে সংঘাত নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে: জাতিসংঘ মহাসচিব

আপডেট: মার্চ ০৭, ২০২৬ : ০৮:১৫ এএম
মধ্যপ্রাচ্যে সংঘাত নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মধ্যপ্রাচ্যজুড়ে চলমান ‘বেআইনি হামলা’ তীব্র নিন্দা জানিয়েছেন এবং সতর্ক করে বলেছেন, সংঘাত বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় পরিস্থিতি যে কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনী ইরানের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা চালায়। এর জবাবে ইরানও ইসরাইল ও উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা চালিয়েছে। ওয়াশিংটন জানায়, তেহরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকি ঠেকাতেই এই অভিযান। তবে হামলার পর দেশটির সরকার কার্যত নেতৃত্বহীন হয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করছেন।

গুতেরেস বলেন, “মধ্যপ্রাচ্য ও এর বাইরে চলমান সব বেআইনি হামলা ওই অঞ্চলের সাধারণ মানুষের জন্য চরম দুর্ভোগ ও ক্ষতির কারণ হচ্ছে। এটি বিশ্ব অর্থনীতি, বিশেষ করে অসহায় মানুষের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। এখন লড়াই থামানোর এবং গুরুত্বের সঙ্গে কূটনৈতিক আলোচনা শুরু করার সময়।”

জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক প্রধান টম ফ্লেচার বলেন, “প্রতিদিন প্রায় ১০০ কোটি ডলার অর্থাৎ রেকর্ড পরিমাণ অর্থ এই যুদ্ধে ব্যয় করা হচ্ছে। অথচ রাজনীতিবিদরা অসহায় মানুষের জন্য বরাদ্দ করা সহায়তা তহবিল কাটছাঁট করছেন। আমরা প্রযুক্তি ও বিচারহীনভাবে মানুষ হত্যার এক ভয়াবহ সমন্বয় দেখছি।”

ফ্লেচার আরও সতর্ক করেন, সংঘাতের কারণে বাজার ব্যবস্থা ও সরবরাহ ব্যাহত হচ্ছে, খাদ্যপণ্যের দাম বাড়ছে, যা সবচেয়ে বেশি অসহায় মানুষকে ক্ষতিগ্রস্ত করছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!