আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে টোল ইরানি রিয়ালে নেওয়ার সিদ্ধান্ত

আপডেট: এপ্রি ১১, ২০২৬ : ০৫:২১ এএম
হরমুজ প্রণালিতে টোল ইরানি রিয়ালে নেওয়ার সিদ্ধান্ত

গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ ও তেলবাহী ট্যাংকার থেকে টোল ইরানের নিজস্ব মুদ্রা রিয়ালে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার এ তথ্য জানিয়েছে ইরানের জাতীয় নিরাপত্তা কমিশন। সংস্থাটি বলেছে, সংসদের প্রস্তাব অনুযায়ী টোল আদায়ে ইরানি রিয়াল ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছিল, টোল আদায়ে ক্রিপ্টোকারেন্সি বা চীনের মুদ্রা ইউয়ান ব্যবহারের বিষয়টি বিবেচনায় রয়েছে।

তবে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, দেশীয় মুদ্রায় টোল আদায়ের মাধ্যমেই এই প্রক্রিয়া পরিচালিত হবে বলে জানানো হয়েছে।

জাতীয় নিরাপত্তা কমিশনের এ সিদ্ধান্তের বিষয়টি ভারতের মুম্বাইয়ে অবস্থিত ইরানি কনস্যুলেট জেনারেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছে।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিকে ঘিরে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে নতুন প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!