যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাত নিরসনে সংলাপে অংশ নিতে সদিচ্ছা থাকলেও পারস্পরিক আস্থার ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।
মার্কিন প্রতিনিধিদের সঙ্গে নির্ধারিত সংলাপে যোগ দিতে ইসলামাবাদ-এ পৌঁছে ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এই সংলাপের ব্যাপারে আমাদের পূর্ণ সদিচ্ছা আছে, তবে তেমন আস্থা নেই।”
ঘালিবাফ বলেন, অতীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বিভিন্ন সংলাপ ব্যর্থতা ও চুক্তিভঙ্গের মাধ্যমে শেষ হয়েছে। তার দাবি, আলোচনার মাঝপথেও একাধিকবার ইরানের ওপর হামলা চালানো হয়েছে, যা আস্থার সংকট আরও গভীর করেছে।
তবে যুক্তরাষ্ট্র যদি আন্তরিকতা দেখায়, তাহলে সমঝোতায় পৌঁছাতে ইরান প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। ঘালিবাফ বলেন, “যুক্তরাষ্ট্র যদি সত্যিকার অর্থে একটি চুক্তি স্বাক্ষর এবং ইরানের জনগণের অধিকার স্বীকৃতি দিতে প্রস্তুত থাকে, তাহলে আমাদের পক্ষ থেকেও সেই প্রস্তুতি তারা দেখতে পাবে।”
একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, সংলাপের আড়ালে কোনো অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করা হলে ইরান কঠোর জবাব দেবে। তিনি উল্লেখ করেন, চলমান পরিস্থিতিতে ইরান ইতোমধ্যে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে।
এদিকে সংলাপে অংশ নিতে ওয়াশিংটন থেকে ইসলামাবাদ-এ পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দলও। দলটির নেতৃত্ব দিচ্ছেন জে ডি ভ্যান্স। শনিবার সকালে তাদের বহনকারী বিমান পাকিস্তানে অবতরণ করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সূত্র: আনাদোলু এজেন্সি
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!