জাতীয়

নির্বাচনী পরিবেশ নিয়ে কোনো ঘাটতি দেখছি না: শেখ রবিউল আলম রবি

আপডেট: ফেব ০৫, ২০২৬ : ০৫:০৬ পিএম
নির্বাচনী পরিবেশ নিয়ে কোনো ঘাটতি দেখছি না: শেখ রবিউল আলম রবি

ঢাকা-১০ আসনের বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, তাঁর নির্বাচনী এলাকায় বর্তমানে একটি উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করছে। নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো ধরনের ঘাটতি তিনি দেখছেন না বলেও মন্তব্য করেন তিনি।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-১০ আসনের ১৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে এসব কথা বলেন রবি। তিনি বলেন, সরকার, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করছে। ‘আমি সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দেখছি—নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বিরাজ করছে। নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণ আমি দেখি না,’ বলেন তিনি।

রবিউল আলম রবি বলেন, সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে এবং শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূল কর্মী—সবাই আনন্দমুখর পরিবেশে প্রচারণা চালাচ্ছে। বড় ধরনের কোনো সংঘাত চোখে পড়ছে না বলেও তিনি উল্লেখ করেন।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখেছি। পরিবেশ উৎসবমুখর, আমরা ভোটের অপেক্ষায় আছি। ভোট গণনার পর যে দল বা প্রার্থী বিজয়ী হবে, সবাই তাকে স্বাগত জানাবে এবং পরাজিত প্রার্থীও ফলাফল মেনে নেবেন—এটাই আমার বিশ্বাস।’

এই নির্বাচনকে গণতন্ত্রের উত্তরাধিকার রক্ষার নির্বাচন হিসেবে অভিহিত করে রবি বলেন, এটি কেবল সংসদ সদস্য হওয়ার নির্বাচন নয়; বরং রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে রাষ্ট্রকে রায় দেওয়ার একটি নির্বাচন। সে কারণে সব রাজনৈতিক দল ও প্রার্থী সচেতন রয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

নিজের নির্বাচনী এলাকার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপির এই প্রার্থী বলেন, এলাকায় গ্যাসসহ কিছু মৌলিক সমস্যার সংকট রয়েছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে পারলে এলাকার মানুষের প্রকৃত প্রতিনিধিত্ব করা এবং সমস্যাগুলোর সমাধানে কাজ করাই তাঁর প্রধান লক্ষ্য হবে।

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশন, ওয়াসা, ডেসা, তিতাস ও ডিপিডিসির মতো সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মাধ্যমে জনগণের আস্থা বাড়ানোর উদ্যোগ নেবেন।

এ সময় তিনি মাদক কারবারি ও দুষ্কৃতিকারীদের দৌরাত্ম্য বন্ধে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!