জাতীয়

‘ছয় মাস ধরে গুজব, নির্বাচনে কোনো শঙ্কা নেই’

আপডেট: ফেব ১২, ২০২৬ : ০৬:৩৮ এএম ২৪
‘ছয় মাস ধরে গুজব, নির্বাচনে কোনো শঙ্কা নেই’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, গত ছয় মাস ধরে নির্বাচন নিয়ে নানা গুজব ছড়ানো হলেও বাস্তবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোনো শঙ্কার খবর নেই।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘গত ছয় মাস ধরে শুনেছি ভোট হবে না, এটা হবে, ওটা হবে। কিন্তু আজ আপনারাই দেখছেন, চমৎকারভাবে ভোট হচ্ছে। কোথাও কোনো অসুবিধা নেই।’

তিনি বলেন, একটি ঐতিহাসিক নির্বাচন আয়োজনের কথা বলা হয়েছিল, ভোটের পরিবেশ সে দিকেই এগোচ্ছে। দীর্ঘ সময় পর মানুষ তাদের নাগরিক অধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সকাল থেকে রাজধানীর কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে জানিয়ে কমিশনার বলেন, বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ফল মেনে নেওয়ার বক্তব্যও ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।

নিজের আগের অভিজ্ঞতার কথা উল্লেখ করে শেখ সাজ্জাত আলী বলেন, ২০১৮ সালে এই কেন্দ্রেই ভোট দিতে এসে তাঁকে জানানো হয়েছিল তাঁর ভোট দেওয়া হয়ে গেছে। পরে সেখান থেকে তিনি ফিরে যান। এবারের নির্বাচনে সে ধরনের পরিস্থিতি নেই বলেও মন্তব্য করেন তিনি।

দিনভর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলবে এবং সুষ্ঠুভাবে গণনা শেষে ফল প্রকাশ করা যাবে বলে আশা প্রকাশ করেন ডিএমপি কমিশনার।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!