দুই দিনের সফরে আজ রাতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর। বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর ওয়াশিংটন থেকে এটি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রথম দ্বিপক্ষীয় সফর।
বর্তমানে তিনি ভারত সফরে রয়েছেন। সেখান থেকে মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সফরের প্রথম দিন ঢাকায় মার্কিন দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
ঢাকা সফরকালে পল কাপুরের বৈঠকসূচিতে সরকারের একাধিক মন্ত্রীর সঙ্গে আলোচনা রয়েছে। বুধবার তিনি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন। একই দিন ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন।
সফরের শেষ দিন বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কথা রয়েছে। এ ছাড়া রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও মতবিনিময়ের সম্ভাবনা আছে। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
ঢাকায় অবস্থিত United States Department of State–এর এক বিবৃতিতে বলা হয়েছে, সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি সাম্প্রতিক সই হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে মিয়ানমার ও রোহিঙ্গা সংকট এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও আলোচনায় গুরুত্ব পেতে পারে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!