তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ পেশাজীবীরাই প্রধান শক্তি। টেকসই জাতীয় উন্নয়নের জন্য তরুণ প্রজন্মের মধ্যে নৈতিক নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা এবং সম্মিলিত দায়বদ্ধতা থাকা অপরিহার্য।
সোমবার (২ মার্চ) রাজধানীর সিক্স সিজনস হোটেলে ফোরাম অব ইয়ং প্রফেশনালস (এফওয়াইপি) আয়োজিত ‘নেতৃত্ব সংলাপ ও ইফতার মাহফিল’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন খাতের তরুণ পেশাজীবীরা অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, “আর্থিক সচেতনতা এবং উদ্যোক্তা মনোভাব একজন পেশাজীবীকে সফল করতে পারে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও সামাজিক ক্ষমতায়নে তরুণদের সততার সঙ্গে কাজ করা অপরিহার্য।”
ফোরাম অব ইয়ং প্রফেশনালসের উপদেষ্টা রাশেদ উল হক সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি সংগঠনের দীর্ঘ যাত্রা, সাম্প্রতিক অর্জন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং নেতৃত্ব বিকাশ ও পেশাগত উৎকর্ষের মাধ্যমে সমাজে ইতিবাচক অবদানের ওপর গুরুত্বারোপ করেন।
সন্ধ্যার বিশেষ আকর্ষণ ছিল এফওয়াইপির নিবেদিত সদস্যদের সম্মাননা প্রদান। সমাজসেবামূলক কর্মকাণ্ডে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে নির্বাচিত সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
ইফতারের পূর্বে আয়োজিত নেতৃত্ব সংলাপে তরুণ পেশাজীবীদের বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। সম্মিলিত ইফতারের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করে।
ফোরাম অব ইয়ং প্রফেশনালস (এফওয়াইপি) একটি সক্রিয় প্ল্যাটফর্ম হিসেবে উদীয়মান নেতা ও পেশাজীবীদের ক্ষমতায়ন এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জাতীয় অগ্রগতিতে ভূমিকা রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!