জাতীয়

প্রবাসীদের নিরাপত্তাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট: মার্চ ০৩, ২০২৬ : ০৫:৩৮ এএম
প্রবাসীদের নিরাপত্তাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বিদেশগামী ও প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের ‘নাম্বার ওয়ান অগ্রাধিকার’ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যেসব নাগরিক বিভিন্ন দেশে যেতে পারেননি বা পথে আটকে পড়েছেন, তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং উপসাগরীয় দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা পর্যবেক্ষণ করা সরকারের প্রধান দায়িত্ব।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বিমানবন্দরে সরাসরি কাজ করছে যাতে যাত্রীরা নিরাপদে থাকতে পারেন এবং প্রয়োজনে হোটেলে অবস্থানের সুযোগ পান। এছাড়া, ভিসার মেয়াদ শেষ হওয়ার ঝুঁকি থাকা বা জরুরি ভ্রমণের প্রয়োজনীয়তা থাকা যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শামা ওবায়েদ বলেন, “সব মন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে একসঙ্গে কাজ করছে। আমাদের নম্বর ওয়ান অগ্রাধিকার হলো প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা।”

তিনি আরও জানান, সৌদি আরব, কাতারসহ অন্যান্য দেশে যাওয়া প্রবাসীদের নিরাপদ অবস্থান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতি অনিশ্চিত থাকায় স্বাভাবিক ভ্রমণ কবে শুরু হবে তা নিশ্চিত করা যাচ্ছে না। তবে ভ্রমণ চালু হলে যাত্রীরা কোনো জটিলতা ছাড়া নির্ধারিত রিপোর্টিং স্থানে পৌঁছাতে পারবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, সাম্প্রতিক সহিংসতায় দুজন নিহত হয়েছেন—যাদের একজন রোহিঙ্গা ও অন্যজন বাংলাদেশি নাগরিক। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!