বাংলাদেশের পল্লী উন্নয়ন ও প্রযুক্তি খাতে সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড।
বুধবার (৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি এক সৌজন্য সাক্ষাৎ করেন এবং এ আগ্রহের কথা জানান।
বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। রাষ্ট্রদূত রেংগলি বাংলাদেশের শিক্ষা ও প্রযুক্তি খাতে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “বাংলাদেশের প্রাতিষ্ঠানিক ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় সুইজারল্যান্ড অন্যতম সহযোগী। বর্তমান সহযোগিতা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।” তিনি সুইজারল্যান্ডের প্রতিনিধি দলকে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো পরিদর্শনের আমন্ত্রণও জানান।
আলোচনায় দুই পক্ষ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, পল্লী উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও কূটনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন। উভয় পক্ষ আশা প্রকাশ করেছেন, পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের মাধ্যমে দুই দেশের উন্নয়ন ও অগ্রগতি আরও বেগবান হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!