জাতীয়

তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনে কাজ করতে চাই: ডা. জাহিদ

আপডেট: মার্চ ০৫, ২০২৬ : ০৬:২৯ এএম
তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনে কাজ করতে চাই: ডা. জাহিদ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনের সুযোগ পেয়েছে। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করার আহ্বান জানিয়েছেন।

তিনি এই মন্তব্য করেন রাজধানীর মিন্টু রোডে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে, যা সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দ এবং বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের উদ্যোগে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইফতার ও দোয়া মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক ছিলেন অধ্যাপক ডা. রফিকুল কবীর লাবু এবং সদস্য সচিব ডা. মো. খায়রুল ইসলাম, এ ছাড়া বিভিন্ন পর্যায়ের চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, জনগণ ১৫ বছর পর বিএনপি-কে ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে, এজন্য তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এবং ১৯৭১ ও ২০২৪ সালের আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।

মন্ত্রী আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টার ফলেই জনগণ দেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ পেয়েছে। তিনি বলেন, অন্যায় ও নির্যাতনের শিকার এবং ক্ষতিগ্রস্ত সকলকে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করার আহ্বান জানাতে হবে।

ডা. জাহিদ হোসেন বলেন, “সবার আগে **বাংলাদেশ—**এই মূলমন্ত্র ধারণ করে চিকিৎসা, শিক্ষা, হাসপাতাল সেবা এবং দরিদ্র মানুষের কল্যাণে আরও মনোযোগী হতে হবে। বিএনপির অতীত ঐতিহ্য বজায় রেখে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্য ও জনকল্যাণে উন্নত সেবা নিশ্চিত করতে সরকার অত্যন্ত আন্তরিক। তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন এবং অধিকাংশ হাসপাতালেই প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সুযোগ-সুবিধা রয়েছে। তিনি চিকিৎসকদের রোগীর প্রতি সেবামূলক মনোভাব জোরদার করার আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, দেশে জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা কম হলেও বিদ্যমান সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে সেবার মান উন্নয়নের যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি বিত্তবানদের স্বাস্থ্যসেবা খাতে এগিয়ে আসার আহ্বান জানান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এ খাতে সংস্কার ও উন্নয়ন সম্ভব হওয়ার আশ্বাস দেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!