জাতীয়

যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

আপডেট: মার্চ ০৫, ২০২৬ : ০৮:০৮ এএম
যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিনিধি দল।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) গুলশানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। দলের অন্য সদস্যরা হলেন: ব্যারিস্টার নওশাদ জমির, মাহবুবুর রহমান, নায়েবা ইউসুফ এবং নিপুণ রায় চৌধুরী।

বৈঠকের পর আবদুল মঈন খান বলেন, “যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি শুভাকাঙ্ক্ষী রাষ্ট্র হিসেবে অতীতে আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছে। নতুন সরকার আসায় তারা স্বাভাবিকভাবে এখানে এসেছে। বাংলাদেশে কী হচ্ছে, সরকারের নীতিমালা ও ভবিষ্যৎ কর্মপন্থা, এবং অন্যান্য দেশের সঙ্গে বিশেষ করে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।”

তিনি আরও জানান, বৈঠকে বিশ্বের বিভিন্ন ঘটনার প্রেক্ষাপট, সার্বিক বিষয়, কূটনৈতিক, বৈদেশিক ও অর্থনৈতিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্পর্কিত বিস্তারিত আলোচনা হয়েছে কিনা সে বিষয়ে তথ্য তারা সরকারকে দিয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!