জাতীয়

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ

আপডেট: মার্চ ০৬, ২০২৬ : ০৪:৫৩ এএম
মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংযুক্ত আরব আমিরাত–এর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর সামরিক উত্তেজনার প্রভাব নিয়ে তাঁরা আলোচনা করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, বৃহস্পতিবার বিকেলে দুই নেতার মধ্যে এই ফোনালাপ হয়।

প্রেস সচিব বলেন, আলাপকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সংযুক্ত আরব আমিরাত ও গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি) দেশগুলোর প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন। জবাবে আমিরাতের প্রেসিডেন্ট ফোন করার জন্য এবং উদ্বেগ প্রকাশ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

ফোনালাপে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি যত্ন নেওয়ার জন্য দেশটির সরকার ও প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি এবং ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতার জন্যও ধন্যবাদ জানান।

আলোচনার এক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। আমিরাতের প্রেসিডেন্ট সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের বিষয়ে সম্মতি জানান।

ফোনালাপে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তার রোধ এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার স্বার্থে সামরিক উত্তেজনা প্রশমনের ওপর গুরুত্বারোপ করেন দুই নেতা। বিদ্যমান সমস্যার শান্তিপূর্ণ সমাধানে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ জোরদারের প্রয়োজনীয়তার কথাও তাঁরা উল্লেখ করেন।

সূত্র: বাসস।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!