জাতীয়

ঈদে ট্রেনের চতুর্থ দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আপডেট: মার্চ ০৬, ২০২৬ : ০৪:৫৬ এএম
ঈদে ট্রেনের চতুর্থ দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রির চতুর্থ দিন আজ শুক্রবার। আজ দেওয়া হচ্ছে আগামী ১৬ মার্চের ট্রেনের টিকিট।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। আজ সকাল থেকেই ডিজিটাল প্ল্যাটফর্মে টিকিট বিক্রি শুরু হয়েছে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি বছরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের ভোগান্তি কমাতে এবং টিকিট কেনা সহজ করতে অনলাইন ব্যবস্থাকে প্রাধান্য দেওয়া হয়েছে।

টিকিট বিক্রির সময়সূচি অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদযাত্রা উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় টিকিট বিক্রির এই সময়সূচি নির্ধারণ করা হয়।

রেলওয়ের তথ্য অনুযায়ী, গত ৩ মার্চ বিক্রি হয়েছে ১৩ মার্চের টিকিট। ৪ মার্চ বিক্রি হয়েছে ১৪ মার্চের এবং ৫ মার্চ বিক্রি হয়েছে ১৫ মার্চের টিকিট। আজ ৬ মার্চ দেওয়া হচ্ছে ১৬ মার্চের টিকিট। পরবর্তী সূচি অনুযায়ী ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে।

এদিকে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

যেসব যাত্রী আসনের টিকিট পাবেন না, তাঁদের জন্য ট্রেন ছাড়ার আগে প্রারম্ভিক স্টেশন থেকে নন-এসি কোচের ২৫ শতাংশ ‘স্ট্যান্ডিং’ টিকিট বিক্রির ব্যবস্থাও রাখা হয়েছে।

টিকিট বিক্রিতে কিছু কড়াকড়িও আরোপ করা হয়েছে। একজন যাত্রী একটি আইডি ব্যবহার করে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। টিকিট কালোবাজারি ঠেকাতে এবার টিকিট ফেরত বা রিফান্ডের সুযোগ রাখা হয়নি বলে জানিয়েছে রেলওয়ে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!