জাতীয়

সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের নতুন প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভস’

আপডেট: মার্চ ০৭, ২০২৬ : ০৫:৩৭ এএম
সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের নতুন প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভস’

দেশের সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক সংলাপ গড়ে তোলার লক্ষ্যে ‘অল্টারনেটিভস’ নামে একটি নতুন রাজনৈতিক সংলাপভিত্তিক প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি জানিয়েছেন, সরাসরি রাজনৈতিক উদ্যোগ নেওয়ার আগে সারা দেশে মানুষের মতামত ও প্রত্যাশা জানতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার রাতে মাহফুজ আলম তাঁর ফেসবুক পেজে অল্টারনেটিভসের একটি পোস্ট শেয়ার করেন। সেখানে প্ল্যাটফর্মটির প্রথম আলোচনা সভা এবং আনুষ্ঠানিক যাত্রা শুরুর তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের আকাঙ্ক্ষা ও প্রশ্ন শোনা এবং তা বোঝার উদ্দেশ্যে গঠিত এই প্ল্যাটফর্মের প্রথম কর্মসূচি হিসেবে ‘জুলাই-পরবর্তী বাংলাদেশ: আমাদের ব্যর্থতা ও নতুন দিনের দিশা’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠন, রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোর সংস্কার এবং দীর্ঘদিনের বৈষম্য ও নিপীড়নের সংস্কৃতি ভাঙার একটি ঐতিহাসিক সুযোগ তৈরি করেছিল। তবে কিছু আংশিক সংস্কার ছাড়া প্রত্যাশিত পরিবর্তন বাস্তবায়িত হয়নি; বরং অনেক ক্ষেত্রে পুরোনো ব্যবস্থাই নতুন রূপে ফিরে এসেছে।

জুলাই-পরবর্তী সময়ের রাষ্ট্রীয় ও রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করে মাহফুজ আলম বলেন, বিপ্লব-পরবর্তী সময়ে সুস্পষ্ট লক্ষ্য, কাঠামোগত নেতৃত্ব এবং জনগণের সঙ্গে জবাবদিহিমূলক সম্পর্ক গড়ে তুলতে ব্যর্থ হওয়ায় সংকট আরও গভীর হয়েছে। বিচারহীনতা, বৈষম্যের ধারাবাহিকতা, পুরোনো প্রশাসনিক ও পুলিশি কাঠামোর টিকে থাকা, শিক্ষাব্যবস্থার সংকট এবং কর্মসংস্থানের অভাব ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।

তিনি বলেন, এ সংকট থেকে উত্তরণের পথ হতে পারে জনগণের সঙ্গে ধারাবাহিক সংলাপ, আত্মসমালোচনা এবং বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক সংহতি গড়ে তোলা। একই সঙ্গে জুলাই প্রজন্মের রাজনৈতিক শিক্ষাদান, তরুণদের আকাঙ্ক্ষা ও হতাশা বোঝা এবং শ্রমিক, কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!