জাতীয়

মধ্যপ্রাচ্যের ছয় রুটে ৮ মার্চ পর্যন্ত বিমানের ফ্লাইট বাতিল

আপডেট: মার্চ ০৭, ২০২৬ : ০৫:৫৭ এএম
মধ্যপ্রাচ্যের ছয় রুটে ৮ মার্চ পর্যন্ত বিমানের ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও আকাশপথে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকির কারণে মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে আগামী ৮ মার্চ পর্যন্ত সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান সূত্র জানায়, এর আগে ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত এসব রুটে ফ্লাইট বন্ধ রাখা হয়েছিল। সর্বশেষ পরিস্থিতি বিবেচনায় তা আরও বাড়িয়ে ৮ মার্চ পর্যন্ত করা হয়েছে। শুক্রবার দুপুরে ট্রাভেল এজেন্সিগুলোকে এ সিদ্ধান্তের কথা জানায় বিমান কর্তৃপক্ষ এবং যাত্রীদের বিষয়টি অবহিত করার অনুরোধ করা হয়।

বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা; সৌদি আরবের দাম্মাম; কাতারের দোহা এবং কুয়েত।

বিমান জানিয়েছে, পরিস্থিতির উন্নতি হলে বাতিল হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা ও নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট সূচিতে।

পরিসংখ্যান অনুযায়ী, এই পরিস্থিতির কারণে শুক্রবার পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৪৫টি ফ্লাইট বাতিল হয়েছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশপথের উত্তেজনা কমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনায় অনিশ্চয়তা থাকতে পারে। যাত্রীদের সর্বশেষ তথ্য জানতে বিমানের কল সেন্টার বা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!