জাতীয়

আন্তর্জাতিক নারী দিবস আজ

আপডেট: মার্চ ০৮, ২০২৬ : ০৫:২০ এএম
আন্তর্জাতিক নারী দিবস আজ

আজ (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস। এবারের প্রতিপাদ্য: “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।” বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে।

সরকারি ও বেসরকারিভাবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, বিভিন্ন এনজিও, ব্যাংক ও সংস্থা আলোচনা সভা, শোভাযাত্রা এবং ‘অদম্য নারী’ পুরস্কার প্রদানসহ বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। এ বছরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় অদম্য নারী পুরস্কারের আওতায় বিশেষ অবদান রাখা নারীদের স্বীকৃতি দিচ্ছে। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দিবস উদযাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ব্যাংক ও অফিসগুলোতেও দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হচ্ছে।

বৈশ্বিক প্রচারণা ‘গিভ টু গেইন’ (দিয়ে অর্জন) নারী-পুরুষ সমতার ওপর গুরুত্ব আরোপ করছে। এর মাধ্যমে নারী অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে নারীদের অবদানকে স্বীকৃতি দেওয়া হচ্ছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বিশ্বের সব নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

জাতীয় প্রেসক্লাবেও প্রতিবছরের মতো আলোচনা সভা, প্রদীপ প্রজ্বলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হচ্ছে। বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ। এবারের কৃতী নারী সম্মাননা পাচ্ছেন সাংবাদিক মমতাজ বানু।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সকাল ১০টায় র‌্যালির মধ্য দিয়ে দিবস উদযাপন করবে। মাহে রমজানের কারণে কিছু অনুষ্ঠান ঈদুল ফিতরের পরে আয়োজন করা হবে।

আন্তর্জাতিক নারী দিবস প্রথমবার ১৯০৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পালিত হয়। জার্মান সমাজতান্ত্রিক নেতা ক্লারা জেটকিনের প্রস্তাব অনুযায়ী ১৯১১ সাল থেকে প্রতি বছর ৮ মার্চ নারী সম-অধিকার দিবস হিসেবে পালিত হচ্ছে। বাংলাদেশেও ১৯৭১ সাল থেকে দিবস উদযাপিত হয়ে আসছে। ১৯৭৫ সালে জাতিসংঘ দিবসটি আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!