জাতীয়

দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই: বিদ্যুৎমন্ত্রী

আপডেট: মার্চ ০৮, ২০২৬ : ০৫:৩৫ এএম
দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তিনি জানান, ৯ মার্চ আরও দুটি তেলবাহী জাহাজ দেশে পৌঁছাবে, ফলে সংকটের আশঙ্কা নেই।

আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, “মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি খাতে উদ্বেগ তৈরি হয়েছে। আমরা প্রধানমন্ত্রীকে বিষয়টি ব্রিফ করেছি। তবে আগেও বলেছি, এখনও বলছি—তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।”

মন্ত্রী আরও জানান, সরকার সতর্কতার অংশ হিসেবে সীমিত আকারে রেশনিং ব্যবস্থা চালু করেছে। কিন্তু এই ব্যবস্থা দেখে অনেকে অতিরিক্ত তেল মজুত করার চেষ্টা করছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করছে।

তিনি বলেন, “আসলে আমাদের দেশে তেলের কোনো অভাব নেই। ৯ তারিখে আরও দুটি ভেসেল আসছে। জনগণকে আমি অনুরোধ করছি—তাড়াহুড়া করে তেল কেনার কোনো দরকার নেই। পেট্রোল পাম্পে নিয়মিত তেল সরবরাহ করা হচ্ছে। মানুষ তেল নিতে গেলে তেল পাবে। সারা রাত লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই।”

কিছু পাম্পে তেল না পাওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, “নির্দিষ্ট পরিমাণে তেল দেওয়া হচ্ছে। কোনো পাম্প যদি দ্রুত বিক্রি করে ফেলে, তাহলে সঙ্গে সঙ্গে তেল পাবে না। পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিষয়টি আমরা মনিটর করছি।”

তিনি বলেন, “যদি কোনো পাম্প কর্তৃপক্ষ বেশি লাভের আশায় তেল বিক্রি বন্ধ রাখে, আমরা বিষয়টি তদন্ত করব। আমাদের নিয়ন্ত্রণব্যবস্থা আছে এবং কাল থেকে ভ্রাম্যমাণ আদালত মাঠে নামানো হবে। সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এছাড়া মন্ত্রী জানান, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের জন্য কাতার থেকে এলএনজি আনা হচ্ছে। পাশাপাশি বিকল্প উৎস নিয়েও কাজ করা হচ্ছে, যাতে ভবিষ্যতে কোনো সংকট না হয়। বর্তমানে দেশে এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে।

এ সময়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমান উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!