জাতীয়

এবার ভোটের ফল চ্যালেঞ্জ করলেন প্রতিমন্ত্রী আমিনুল হক

আপডেট: মার্চ ০৮, ২০২৬ : ০৬:১৯ এএম
এবার ভোটের ফল চ্যালেঞ্জ করলেন প্রতিমন্ত্রী আমিনুল হক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির প্রার্থী ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
আজ রবিবার (৮ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ এ আবেদনের ওপর শুনানি গ্রহণ করতে পারে।

ঢাকা-১৬ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করে আমিনুল হক জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল বাতেনের কাছে ৩ হাজার ৩৬১ ভোটের ব্যবধানে পরাজিত হন। নির্বাচনে আব্দুল বাতেন মোট ৮৮,৮২৮ ভোট পান, আর আমিনুল হক পান ৮৫,৪৬৭ ভোট।

তবে ভোটে হারলেও বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের টেকনোক্র্যাট হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আমিনুল হক।

এর আগে ১৫ জনের বেশি প্রার্থী হাইকোর্টে নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে আবেদন করেছেন। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে হাইকোর্ট প্রয়োজনীয় ব্যালট ও সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনি’ আবেদনপত্রের শুনানি হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন।

এই বেঞ্চের কার্যতালিকায় অন্যান্য দেওয়ানি এখতিয়ারসহ ২০০১ সালের সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী সংশ্লিষ্ট রুল ও আবেদনপত্রের শুনানির ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!