রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রবিবার আয়োজিত অনুষ্ঠানে বলেছেন, নারীর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্টরা এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণে সচেষ্ট হবেন। তিনি উল্লেখ করেন, ঘরে-বাইরে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে নারীর উন্নয়ন ও সমৃদ্ধির সুফল পাওয়া সম্ভব নয়।
রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার সংগ্রাম পর্যন্ত গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার সব আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। শহীদদের স্বপ্ন ছিল বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা।
তিনি দেশের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের জন্য সরকার কর্তৃক ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গ্রহণের কথাও উল্লেখ করেন। রাষ্ট্রপতি জানান, আগামী ১০ মার্চ থেকে এই কর্মসূচি কার্যক্রম শুরু হবে, যা পরিবারগুলোর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে।
রাষ্ট্রপতি আরও বলেন, গৃহস্থালির কাজসহ স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, শিল্প, কলকারখানা ও নির্মাণ ক্ষেত্রে নারীর অবদান অসামান্য। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, দ্রুত বিচার নিশ্চিতকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। তিনি অনলাইন হ্যারাসমেন্ট, চরিত্রহনন ও সাইবার বুলিং নিয়ন্ত্রণের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও বলেন।
কন্যাশিশুর ক্ষেত্রে বাল্যবিবাহের মতো সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় কঠোর আইন প্রয়োগ এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সম্মিলিতভাবে সমস্যা সমাধানের আহ্বান জানান রাষ্ট্রপতি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!