জাতীয়

জ্বালানি তেলের জন্য পাম্পে দীর্ঘ লাইন, মিলছে সীমিত পরিমাণ

আপডেট: মার্চ ১০, ২০২৬ : ০৫:৫৪ এএম
জ্বালানি তেলের জন্য পাম্পে দীর্ঘ লাইন, মিলছে সীমিত পরিমাণ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে দেশের জ্বালানি তেলের বাজারে অস্থিরতা এখনও কাটেনি। রাজধানীর বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে সকাল থেকেই যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে তেল কিনতে হচ্ছে চালকদের।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে এমন চিত্র দেখা যায়। মোটরসাইকেল, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ি নিয়ে অনেককে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। চালকদের দাবি, নির্দিষ্ট পরিমাণে জ্বালানি তেল দেওয়া হচ্ছে।

রাজধানীর আসাদগেট এলাকার সোনার বাংলা সার্ভিস স্টেশনে মোটরসাইকেলে তেল নিতে আসেন আমজাদ হোসেন। তিনি বলেন, দীর্ঘ লাইনের ভিড় এড়াতে সকালেই এসেছিলেন। কিন্তু এসেও লাইনে দাঁড়াতে হয়েছে। তাঁর আশা, এক ঘণ্টার মধ্যে তেল নিয়ে যেতে পারবেন।

প্রাইভেটকার চালক ইদ্রিস মিয়া বলেন, সীমিত পরিমাণে তেল দেওয়ায় অনেকের দৈনন্দিন চাহিদা পূরণ হচ্ছে না। বর্তমানে ব্যক্তিগত গাড়িতে ১০ লিটার এবং এসইউভি বা মাইক্রোবাসে ২০ থেকে ২৫ লিটার পর্যন্ত তেল দেওয়া হচ্ছে। ফলে অনেক চালককে এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরে তেল খুঁজতে হচ্ছে।

আরেক মোটরসাইকেল চালক রবিউল হুসাইন বলেন, তিনি প্রায় এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর তেল পেয়েছেন। তাঁর ভাষ্য, ওই স্টেশনে মোটরসাইকেলে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে, যা দিয়ে দুই দিন চলতে পারবেন।

ফিলিং স্টেশনের দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন, তাঁদের কাছে যতক্ষণ জ্বালানি থাকে ততক্ষণই বিক্রি করা হচ্ছে। তবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন থেকে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁদের আশা, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!