জাতীয়

চট্টগ্রামে বাস–মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

আপডেট: মার্চ ১০, ২০২৬ : ০৬:০১ এএম
চট্টগ্রামে বাস–মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৭ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে উপজেলার পাইন্দং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উত্তম উড়াং (১৭), নয়ন উড়াং (১৭) ও তপু উড়াং (১৭)। তাঁরা সবাই ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখিল গ্রামের বাসিন্দা।

নিহত উত্তম উড়াংয়ের বাবা যোগেজ উড়াং বলেন, পড়াশোনার পাশাপাশি স্কুল–কলেজ বন্ধ থাকায় ছেলেরা রাজমিস্ত্রির জোগালি হিসেবে কাজ করতেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনায় তাঁরা মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বাসটি ফটিকছড়ির পাইন্দং এলাকার ফেলাগাজি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খেতে পড়ে যায় এবং মোটরসাইকেলটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন মারা যান। পরে আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি থানার ডিউটি অফিসার মোহাম্মদ সেলিম বলেন, ইফতারের কিছু আগে সংঘটিত এই দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনের অবস্থা গুরুতর।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!