ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হচ্ছে। বেলা ১১টায় রাজধানীর জাতীয় সংসদ ভবন-এর সংসদ কক্ষে এ অধিবেশন বসবে। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পর এই প্রথম স্পিকারের চেয়ার শূন্য রেখে নতুন সংসদের যাত্রা শুরু হচ্ছে।
সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানিয়েছেন, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর উদ্ভূত পরিস্থিতির কারণে এবারের অধিবেশন ব্যতিক্রমীভাবে শুরু হচ্ছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। আর ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে কারাগারে থাকায় স্পিকারের পদ শূন্য রয়েছে।
সংসদের শুরুতে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্য দেবেন। এরপর তাঁর আহ্বানে বিধি অনুযায়ী একজন সংসদ সদস্য প্রারম্ভিক সভাপতিত্ব করবেন। তাঁর অধীনেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। নবনির্বাচিতদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
চিফ হুইপ আরও জানান, অধিবেশনের প্রথম দিনেই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করবেন। এসব অধ্যাদেশ যাচাই–বাছাইয়ের জন্য একটি বিশেষ কমিটিতে পাঠানো হবে বলে জানা গেছে।
এদিকে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। বিরোধী দলগুলোর দাবি, গণভোটে অনুমোদিত জুলাই সনদ হুবহু বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সংসদের উচ্চকক্ষ গঠন এবং সাংবিধানিক নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে।
প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে ডেপুটি স্পিকার পদের প্রস্তাব দিয়েছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে বিরোধীরা বলছে, শুধু একটি পদ নয়—জুলাই সনদের পুরো ‘প্যাকেজ’ বাস্তবায়নই তাদের প্রধান দাবি।
বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদ অনুযায়ী ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা। তবে তারা খণ্ডিত কোনো সুবিধা চান না, বরং পুরো সমঝোতা বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়। পরে অন্তর্বর্তী সরকারের সময় শেষ করে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। সংবিধান অনুযায়ী নির্বাচনের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!