জাতীয়

ভোগান্তি এড়াতে আগেভাগেই বাড়ির পথে মানুষ, স্টেশনে যাত্রীদের ভিড়

আপডেট: মার্চ ১৪, ২০২৬ : ০৫:২৮ এএম
ভোগান্তি এড়াতে আগেভাগেই বাড়ির পথে মানুষ, স্টেশনে যাত্রীদের ভিড়

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ঈদের এখনও প্রায় এক সপ্তাহ বাকি থাকলেও শনিবার সকাল থেকেই ঢাকা রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে। ভোগান্তি এড়াতে অনেকে আগেভাগেই বাড়ির পথে রওনা হয়েছেন।

সকাল থেকে স্টেশনে গিয়ে দেখা যায়, কেউ পরিবার নিয়ে ঢাকা ছাড়ছেন, আবার কেউ পরিবারের সদস্যদের আগে গ্রামে পাঠিয়ে দিচ্ছেন। অনেকেই জানান, ঈদের ঠিক আগে বাড়তি ভিড় ও দুর্ভোগের আশঙ্কায় আগে থেকেই যাত্রা করছেন।

বুড়িমারী এক্সপ্রেসের যাত্রী মিরাজ উর রহমান বলেন, তিনি কাউনিয়া স্টেশনে নামবেন। উত্তরবঙ্গের পথে ট্রেনই সবচেয়ে আরামদায়ক বাহন হওয়ায় আগেভাগেই রওনা হয়েছেন। ঈদ সামনে এলে বাড়ির টান আরও বেশি অনুভূত হয় বলেও জানান তিনি।

জামালপুর এক্সপ্রেসের যাত্রী হুমায়ূন আহমেদ হিমু বলেন, ঈদের সময় স্টেশনে প্রচুর ভিড় হয়। তাই আগেই মা ও ছোট বোনকে নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছেন। তিনি জানান, ঈদের কেনাকাটাও এরই মধ্যে শেষ হয়েছে। পরিবারের অন্য সদস্যরা পরে যোগ দেবেন।

ঈদযাত্রাকে কেন্দ্র করে স্টেশনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রবেশপথে দুই দফায় টিকিট পরীক্ষা করে যাত্রীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। টিকিট ছাড়া কাউকে স্টেশনে ঢুকতে দেওয়া হচ্ছে না।

দায়িত্বরত ট্রাভেলিং টিকিট এক্সামিনাররা (টিটিই) জানান, কেউ যদি টিকিট ছাড়া প্রবেশ করতে চান, তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তবে কোনো যাত্রী তিনটি টিকিট কেটে চারজন হলে নির্ধারিত ভাড়ায় অতিরিক্ত একটি স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করা হচ্ছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থায় গতকাল শুক্রবার থেকে ট্রেনযাত্রা শুরু হয়েছে। শনিবার ছিল ঈদযাত্রার দ্বিতীয় দিন।

আজ ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ৩০টি আন্তঃনগর ট্রেন ছেড়ে যাবে। এসব ট্রেনের মোট আসনসংখ্যা ২৮ হাজার ৯২৬টি। এর মধ্যে পূর্বাঞ্চলের ২৩টি ট্রেনে রয়েছে ১৬ হাজার ১৯৪টি আসন এবং পশ্চিমাঞ্চলের ১৭টি ট্রেনে রয়েছে ১২ হাজার ৭৩২টি আসন। এসব টিকিট গত ৪ মার্চ অনলাইনে বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!