জাতীয়

১৬ মার্চ শুরু হচ্ছে দেশব্যাপী খাল খনন কর্মসূচি

আপডেট: মার্চ ১৪, ২০২৬ : ০৫:৩৮ এএম
১৬ মার্চ শুরু হচ্ছে দেশব্যাপী খাল খনন কর্মসূচি

দেশের নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের জন্য বড় আকারের কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খননের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পানিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশব্যাপী প্রায় ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রথম পর্যায়ে দেশের ৫৪টি জেলায় এই কর্মসূচি শুরু হবে। দিনাজপুরে উদ্বোধনের পাশাপাশি অন্য ৫৩টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় কর্মসূচির উদ্বোধন করবেন।

পানিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখা থেকে পাঠানো এক পত্রে বলা হয়েছে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে। এতে কৃষি উৎপাদন বাড়বে এবং গ্রামীণ জনগণের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এ ছাড়া নদী-নালা ও জলাধার পুনঃখননের ফলে ভূ-উপরিস্থ পানির পরিমাণ বাড়বে এবং ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমবে বলে আশা করছে সরকার। এতে খরা, বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায়ও সহায়ক ভূমিকা রাখবে।

পানিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ধাপে ধাপে দেশের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!