পবিত্র ঈদুল ফিতর শেষে ঘরে ফেরা যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ শনিবার। আজ বিক্রি হচ্ছে আগামী ২৪ মার্চের আন্তঃনগর ট্রেনের টিকিট।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে এবারও ঈদ উপলক্ষে আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। সব টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করা হচ্ছে।
সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।
রাজধানীর রেল ভবনে সম্প্রতি অনুষ্ঠিত ঈদ উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ মার্চের টিকিট বিক্রি হয়েছে ১৩ মার্চ। এ ছাড়া ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে।
চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট পরে বিক্রি করা হবে বলেও জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
এদিকে যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে সংশ্লিষ্ট ট্রেনের প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
রেলওয়ে জানায়, ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসন কিনতে পারবেন। তবে কোনো টিকিট ফেরত দেওয়া হবে না।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!