জাতীয়

সংসদ শক্তিশালী হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে: ডেপুটি স্পিকার

আপডেট: মার্চ ১৫, ২০২৬ : ০৪:৪১ এএম
সংসদ শক্তিশালী হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদকে রাজনীতি চর্চার কার্যকর কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারলে দেশে গণতন্ত্র আরও সুপ্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ছাড়া আইনের শাসন নিশ্চিত করা যায় না। আর আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়নও সম্ভব নয়।

শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে নেত্রকোনা সাংবাদিক ফোরাম-ঢাকা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডেপুটি স্পিকার।

কায়সার কামাল বলেন, যে সমাজ ও রাষ্ট্রে আইনের শাসন, গণতান্ত্রিক বিধিব্যবস্থা, মানবাধিকার এবং সাংবিধানিক কাঠামো প্রতিষ্ঠিত হয়েছে, সেই সমাজই প্রকৃত উন্নয়নের পথে এগিয়ে যায়। আইনের শাসন প্রতিষ্ঠা পেলে মানবাধিকারও সুপ্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে দীর্ঘ সময় একটি ফ্যাসিবাদী সময় পার করতে হয়েছে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশে সংসদীয় গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে। এই যাত্রা ভবিষ্যতে যেন কেউ ব্যাহত করতে না পারে, সে জন্য সবাইকে সচেতন থাকতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা সাংবাদিক ফোরাম-ঢাকার সভাপতি রফিক মুহাম্মদ। সংগঠনের সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথোর সঞ্চালনায় ইফতার মাহফিলে নেত্রকোনার বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!