জাতীয়

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের সমর্থন

আপডেট: মার্চ ১৫, ২০২৬ : ০৪:৪৯ এএম
জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের সমর্থন

জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতায় সমর্থন জানিয়েছে তুরস্ক। শনিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এ সমর্থনের কথা জানানো হয়।

বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

বাংলাদেশে নতুন সরকার গঠনের পর তুরস্কের সঙ্গে এটি প্রথম দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ বাড়ানো এবং বাংলাদেশ থেকে তুরস্কে দক্ষ জনশক্তি রপ্তানির সম্ভাবনার বিষয়টিও তুলে ধরা হয়।

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে দুই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ সময় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় হয়। বিশেষ করে গাজা পরিস্থিতি নিয়ে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় একসঙ্গে কাজ করার বিষয়ে দুই দেশ আগ্রহ প্রকাশ করে।

বৈঠকের সময় কূটনৈতিক প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নে সহযোগিতা জোরদারের লক্ষ্যে তুরস্কের ডিপ্লোম্যাসি একাডেমি ও বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।

বাংলাদেশ প্রতিনিধি দলের সম্মানে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী একটি ইফতার ও কর্মভোজের আয়োজন করেন। সেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অব্যাহত থাকে।

তুরস্ক দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক উভয় পর্যায়ে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতায় পূর্ণ সমর্থনের কথাও জানায় দেশটি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!