ঢাকা–সিলেট ও সিলেট–চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সিলেটের মানুষের দীর্ঘদিনের এই দাবির বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল সিলেট জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী বলেন, পর্যটকদের কাছে সিলেট একটি গুরুত্বপূর্ণ গন্তব্য। আসন্ন ঈদকে সামনে রেখে পর্যটকদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে সড়ক যোগাযোগ সচল রাখার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন দর্শনীয় স্থানে টয়লেট, বিশ্রামাগার ও সুপেয় পানির ব্যবস্থাও করা হবে। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হবে।
অনুষ্ঠান শেষে সার্কিট হাউসে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধাদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় আরিফুল হক চৌধুরী জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিক আবু তুরাব–এর স্মৃতিচারণ করেন।
তিনি বলেন, যেদিন আবু তুরাব গুলিবিদ্ধ হন, সেদিন একই মিছিলে তিনিও উপস্থিত ছিলেন। তাঁর ভাষায়, হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে সরকার গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং সেই আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!